রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের বিরোধের অবসান হওয়ায় দীর্ঘ ৩০ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে আন্তঃজেলা বাস চলাচল। শনিবার দুপুরে রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস ছাড়ার মধ্য দিয়ে যাত্রীদের দুর্ভোগ কমতে শুরু করে।
রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে গত দুই দিন রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ছিল। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় হানিফ পরিবহনের একটি বাস। এরপর পর্যায়ক্রমে অন্যান্য রুটেও বাস চলাচল শুরু হয়।
রাজশাহী বাস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রী মাহমুদ জুয়েল বলেন, ‘রাজশাহীতে কিছুদিন পরপর এমন সমস্যার সৃষ্টি হয়। এতে আমার মতো হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। সকাল ৮টায় কাউন্টারে এসেছিলাম। এখন গাড়ি ছাড়ছে। যাই হোক, ভোগান্তি শেষে গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়েছে, এতেই আমরা খুশি।’
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
দীর্ঘ সময় পর বাস চলাচল স্বাভাবিক হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা আবারও যাত্রা করতে পারছেন। ফলে রাজশাহীর আন্তঃজেলা পরিবহন ব্যবস্থায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।
আরএন