কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
নিহতরা হলেন—চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুর রহমান (২২) এবং চাটিতলা এলাকার ভাড়াটিয়া আবুল হাশেম (৭০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দীঘির দক্ষিণ পাড় এলাকায় দ্রুতগতির একটি ঢাকামুখী মোটরসাইকেল সামনে থাকা একটি ট্রলিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আবদুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ট্রলিচালক বসন্তপুর গ্রামের আবদুস সোবহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় এলাকায় চট্টগ্রামমুখী সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় আবুল হাশেম নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে বিয়ে করে দীর্ঘদিন ধরে পৌরসভার চাটিতলা এলাকায় ভাড়ায় বসবাস করছিলেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল রায়হান পাটোয়ারী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।’
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এআর/আরএন