নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সিটি হকার্স মার্কেট-সংলগ্ন গলি থেকে শুভ দাস নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে শনিবার সকাল থেকে চাষাঢ়া সিটি হকার্স মার্কেটে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে বেশিরভাগ দোকান বন্ধ করে রাখেন দোকান মালিকরা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সিটি হকার্স মার্কেট-সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে শুক্রবার দিবাগত রাতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মো. কাজল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন।
প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে। কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ কী, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে শনিবার সকাল থেকে ঘটনাস্থলের সামনে হকার্স মার্কেটের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। আতঙ্কের কারণে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানদার জানান, হকার্স মার্কেটের পেছনে প্রেসিডেন্ট রোডে যাওয়ার গলিতে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলে আসছে। তাঁদের দাবি, দুই দিন আগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী অনিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হলেও অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী অনিকসহ অন্যরা পালিয়ে যায়।
দোকানদারদের দাবি, ডিবির অভিযানের সময় সোর্স হিসেবে শুভ দাস ডিবি পুলিশের সঙ্গে ছিলেন। এর জের ধরে অনিকের লোকজন শুভ দাসকে হত্যা করেছে বলে তাঁরা অভিযোগ করেন। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এসএস/আরএন