বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। এই ভিসায় দেশটিতে অবস্থানকালে কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না, তা স্পষ্ট করে জানিয়েছে দূতাবাস।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া—যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত—বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় অনুমোদিত নয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়, এমন কোনো কাজও এই ভিসায় করা যাবে না। একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও বি১/বি২ ভিসায় অনুমোদিত নয়।
বাংলাদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের এ সতর্কবার্তা এমন সময়ে এল, যখন এর আগে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদেরও ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছিল।
গত ২২ আগস্ট দেওয়া ওই সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছিল, স্টুডেন্ট ভিসায় থাকা শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে কাজ করলে, পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে তাদের স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।
সাম্প্রতিক এসব সতর্কবার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসার নির্ধারিত শর্ত ও ভিসার উদ্দেশ্য মেনে চলার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরছে ঢাকায় মার্কিন দূতাবাস।