সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে মধ্য জামগড়া এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। নির্মম এই ঘটনার নেপথ্যে হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এসএফ