মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সারাদেশে ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এসআরও নং ৩২৬-আইন/২০২৬-এ বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪(ক) ধারায় দেওয়া ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ট্রাইব্যুনালের স্থানীয় এখতিয়ার নির্ধারণ করে দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য তিনটি পৃথক ট্রাইব্যুনাল রাখা হয়েছে।
মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল, ঢাকা-এর এখতিয়ার থাকবে ঢাকা জেলা এলাকায়।
মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল, ঢাকা মহানগর-১ এর আওতায় থাকবে পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর, রমনা ও শাহবাগ থানা।
অন্যদিকে ঢাকা মহানগর-২ ট্রাইব্যুনালের আওতায় থাকবে কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালি, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানা এলাকা।
ঢাকার বাইরে দেশের বিভিন্ন বিভাগীয় ও গুরুত্বপূর্ণ এলাকায় আরও ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এসব ট্রাইব্যুনালের আওতায় নির্দিষ্ট জেলা, মহানগর ও থানাভিত্তিক এলাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম পরিচালনা, বিচারক নিয়োগ ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
সরকারের এ উদ্যোগের ফলে মাদকদ্রব্য-সংক্রান্ত মামলাগুলো বিশেষায়িত ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ তৈরি হলো।
এফএস