থাইল্যান্ডের বন্দরে ভিড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। বন্দরে ঢোকার পর রণতরিটির চেহারা দেখে চমকে গেছেন অনেক পর্যবেক্ষক।
প্রায় ১ হাজার ১০০ ফুট দীর্ঘ যুদ্ধজাহাজটির সামনের অংশ থেকে পেছন পর্যন্ত প্রায় সর্বত্রই দেখা গেছে মরিচার দাগ।
তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে এমনটা হওয়া অস্বাভাবিক নয়।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে সান দিয়েগো থেকে যাত্রা শুরুর পর থেকে রণতরিটি ২৮৬ দিন সমুদ্রে কাটিয়েছে। এ সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কয়েক মাস ধরে যুদ্ধ ও অবরোধমূলক অভিযানেও অংশ নিয়েছে এটি।
সাবেক মার্কিন নৌবাহিনী কর্মকর্তা কার্ল শুস্টার বলেন, কোনো জাহাজ টানা ৬০ দিন বা তার বেশি সময় সমুদ্রে থাকলে পানির সমতল বরাবর মরিচা পড়া অস্বাভাবিক নয়। তিনি ইউএসএস আব্রাহাম লিংকনের মতো নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরিতে তিন দফা দায়িত্ব পালন করেছেন।
সিএনএনকে শুস্টার বলেন, বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে সমুদ্রে অবস্থান করেই এই মরিচা পরিষ্কার করা সম্ভব নয়। তার ভাষ্য, এ কাজ করতে হলে নাবিকদের পানির সমতল পর্যন্ত নামিয়ে মরিচা ঘষে পরিষ্কার করতে হবে। এরপর মরিচা প্রতিরোধী প্রাইমারের দুই স্তর এবং তার ওপর নৌবাহিনীর ধূসর রঙের দুই স্তর রং করতে হবে।
শুস্টার জানান, তিনি রণতরিটির যে অবস্থা দেখছেন, তাতে পুরো মরিচা পরিষ্কার ও সংরক্ষণমূলক কাজ শেষ করতে প্রায় ৩০ দিন সময় লাগতে পারে। তবে থাইল্যান্ডে অবস্থানের সময় গুরুত্বপূর্ণ কিছু জায়গায় কাজ করা হতে পারে বলেও জানান তিনি।
বুধবার ব্যাংককের দক্ষিণে থাইল্যান্ড উপসাগরের তীরে ল্যাম চাবাং বন্দরে নোঙর করেছে ইউএসএস আব্রাহাম লিংকন। কয়েক দিনের এই বিরতিতে দীর্ঘ অভিযানের পর প্রথমবারের মতো নাবিকদের পূর্ণাঙ্গ বিশ্রাম ও অবকাশের সুযোগ দেওয়ার কথা রয়েছে।
শুস্টার বলেন, সাত দিনের বন্দর অবস্থানে শুধু সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া কাজগুলোই করা হবে। এর মধ্যে রণতরিটির সামনের অংশ ও সামনের দিকের হাল বা মূল কাঠামোর মরিচা পরিষ্কারকে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ জাহাজ চলার সময় এসব অংশ সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে এবং লবণাক্ত পানির ক্ষয়কারক প্রভাবও বেশি সহ্য করতে হয়, বিশেষ করে উত্তাল সমুদ্রে।
তিনি বলেন, জাহাজের ওপরের অংশের কিছু মরিচা সমুদ্রে থাকাকালীনও পরিষ্কার করা সম্ভব। তবে পানির সমতলের কাছাকাছি অংশে কাজ করতে হলে জাহাজকে স্থির রাখতে হবে এবং ঢেউয়ের প্রভাবমুক্ত থাকতে হবে।
তবে এই মরিচার সমস্যা কোনোভাবেই অবহেলা করা উচিত নয় বলে সতর্ক করেছেন শুস্টার। তিনি বলেন, মরিচা সংক্রামক রোগের মতো, এক জায়গা থেকে ছড়িয়ে পড়ে। তাই শুরুতেই এটি নিয়ন্ত্রণ করা ভালো। তা না হলে পরে আরও বড় সমস্যার মুখোমুখি হতে হবে।
তার মতে, মরিচা যে কোনো ইস্পাতের কাঠামোকে দুর্বল করে দেয়। তাই ডেক, চলাচলের পথ ও নিরাপত্তাবেষ্টনীর মতো গুরুত্বপূর্ণ অংশে বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই মরিচা অপসারণ করা জরুরি।
দীর্ঘ অভিযানের কারণে ইউএসএস আব্রাহাম লিংকনের সমস্যা অবশ্য শুধু মরিচাতেই সীমাবদ্ধ নয়। সরবরাহ ঘাটতির মধ্যে নাবিকদের মনোবল নিয়ে উদ্বেগের খবরও এসেছে। এ ছাড়া অন্তত একজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
তবে এসব উদ্বেগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, লিংকনের এই দীর্ঘ অভিযানও ‘প্রায় যথেষ্ট দীর্ঘ হয়নি’। থাইল্যান্ডে পৌঁছানোর পর রণতরিটির বর্তমান অবস্থা নিয়ে ট্রাম্পের কাছ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে এর আগে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর চেহারা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধজাহাজ মোতায়েনের প্রবণতা বাড়ার মধ্যেই বিষয়টি সামনে আসে।
গত বছর তৎকালীন নৌবাহিনী সচিব জন ফেলান জানিয়েছিলেন, যুদ্ধজাহাজে মরিচা পড়ার বিষয়টি নিয়ে ট্রাম্প তাকে মাঝরাতেও ফোন করতেন।
নাবিকদের কাছেও মরিচা পরিষ্কারের কাজ খুব একটা জনপ্রিয় নয় বলে মন্তব্য করেছেন শুস্টার। তিনি বলেন, নৌবাহিনীতে মরিচার বিরুদ্ধে লড়াই সবচেয়ে অপছন্দের দুটি কাজের একটি। অন্যটি হলো প্লাম্বিং বা জাহাজের পানি ও পাইপসংক্রান্ত কাজ। জুনিয়র কর্মকর্তা হিসেবে জাহাজে দায়িত্ব পালনের সময় তিনি দুটিকেই সবচেয়ে বেশি অপছন্দ করতেন।
তথ্যসূত্র: সিএনএন