ঢাকার সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণের কথা জানিয়েছেন এক নারী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ থেকে রেহেনা আক্তার নামে ওই নারী ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোনে তিনি জানান, আগের দিন রাতে তাঁর স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি ব্যবস্থা নেওয়ার জন্য সবুজবাগ থানাকে জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে তদারক ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।
প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহ এবং স্বামীর অন্য নারীদের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িত থাকার কারণে ক্ষিপ্ত হয়ে রেহেনা আক্তার তাঁর স্বামী মাহফুজুর রহমানকে (৪০) হত্যা করেন।
সংবাদ পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত রেহেনা আক্তারকে (৪০) গ্রেপ্তার করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর