ইঞ্জিন সংকট কেটে গেলে নোয়াখালী-ঢাকা রুটে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম।
বৃহস্পতিবার নোয়াখালীবাসীর পক্ষ থেকে রেল সেবার উন্নয়নে বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদানকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় তিনি বলেন,নোয়াখালীর ট্রেন সমস্যা সম্পর্কে আমরা অবগত আছি। নোয়াখালীর মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় পর্যাপ্ত ট্রেন সেবা দিতে না পারা আমাদের জন্য লজ্জার।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির নেতারা সচিবের কাছে দেওয়া স্মারকলিপিতে ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেসের অব্যবস্থাপনা ও সময়সূচির অসঙ্গতি দূর করা, চুরি-ছিনতাই রোধ এবং যাত্রী নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। তাদের অভিযোগ, বর্তমানে ট্রেনটি প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা বিলম্বে চলাচল করছে।
এ ছাড়া রাতে চলাচলকারী লোকাল ট্রেন পুনরায় চালু, সুবর্ণচর এক্সপ্রেস চালু, চৌমুহনী স্টেশনের আধুনিকায়ন, চৌমুহনী-লক্ষ্মীপুর রেলপথে ডাবল লাইন স্থাপন, সোনাপুর-চেয়ারম্যানঘাট রেললাইন সম্প্রসারণ এবং লাকসাম-নোয়াখালী রেলপথ আধুনিকায়নের দাবি জানানো হয়।
অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, চৌমুহনী স্টেশনের আধুনিকায়ন ও রি-মডেলিংয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী অর্থবছরের বাজেটে তা অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি চৌমুহনী-লক্ষ্মীপুর রেললাইনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও এগিয়ে চলছে।
এমআর/এসএফ