সেবার মান, অপারেশনাল দক্ষতা ও স্টেশন পরিচালনায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। সিলেট বিভাগের ৩৮টি ফায়ার স্টেশনের মধ্যে আয়োজিত মূল্যায়ন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে মৌলভীবাজার ফায়ার স্টেশন।
এর আগে অপারেশনাল দক্ষতায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কাছ থেকে ইনসিগনিয়া ও প্রশংসাপত্র পেয়েছেন মৌলভীবাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন।
জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় দেশের প্রতিটি বিভাগে কার্যক্রম ও স্টেশন পরিচালনার মানোন্নয়নে এ মূল্যায়ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের ৫৩৮টি ফায়ার স্টেশনের কার্যক্রম নির্ধারিত ১০০ নম্বরের মানদণ্ডে মূল্যায়নের মাধ্যমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এ লক্ষ্যে প্রতিটি বিভাগে একটি করে পরিদর্শন কমিটি গঠন করা হয়। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্টেশনগুলোর অপারেশনাল সক্ষমতা, জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি, শৃঙ্খলা, ব্যবস্থাপনা, সরঞ্জাম ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়ন করা হয়।
সিলেট বিভাগে অনুষ্ঠিত এ মূল্যায়নে বিভাগের ৩৮টি ফায়ার স্টেশনের মধ্যে স্টেশন অফিসার বেলায়েত হোসেনের নেতৃত্বে মৌলভীবাজার ফায়ার স্টেশন দ্বিতীয় স্থান অর্জন করে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, ইতিহাসে প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়ায় তিনি মহাপরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই অর্জন শুধু তাঁর একার নয়; মৌলভীবাজার ফায়ার স্টেশনের প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের সদস্যরা ভবিষ্যতেও আরও আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান।
মৌলভীবাজার ফায়ার স্টেশনের এ সাফল্য সেবার মান উন্নয়ন, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শাকিল রশিদ চৌধুরী / এফএস