ময়মনসিংহের প্রবীণ বামপন্থী নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ময়মনসিংহ জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহজাহান আর নেই। বুধবার ভোর ৫টায় স্থানীয় প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
এর আগে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন শাহজাহান। পাশাপাশি গত কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুরে ময়মনসিংহে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে বিকেলে শহরের উপকণ্ঠ কাতলাসেনে নিজ বাড়িতে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কমরেড শাহজাহান সারাজীবন সমাজ বিপ্লবের আদর্শের প্রতি নিবেদিত ছিলেন। প্রায় ছয় দশক তিনি মেহনতি মানুষের অধিকার ও মুক্তির জন্য লড়াই করেছেন।
তিনি আরও বলেন, ব্যক্তি প্রতিষ্ঠার কোনো লোভ বা প্রলোভন তাঁকে আদর্শচ্যুত করতে পারেনি। স্বল্পভাষী ও বন্ধুবৎসল কমরেড শাহজাহানের জীবন ও সংগ্রাম এই প্রজন্মের বিপ্লবী রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে সাইফুল হক প্রয়াত কমরেড শাহজাহানের বিপ্লবী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এসএফ