মক্কা প্যাক্টে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জোটটিতে যোগ দেওয়ার আগে এর সম্ভাব্য প্রভাব ও দেশের স্বার্থ বিবেচনা করে পরিস্থিতি যাচাই করছে সরকার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, মক্কা প্যাক্টে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পায়নি। তাই এ মুহূর্তে যোগদানের সিদ্ধান্ত নেওয়ারও প্রশ্ন নেই।
এর আগে জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, মক্কা প্যাক্টের সদস্য দেশগুলো বাংলাদেশকে যুক্ত হওয়ার প্রস্তাব দিলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত এই প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোতে ভবিষ্যতে আরও দেশ যুক্ত হতে পারে। এ অবস্থায় বাংলাদেশও বিষয়টি নিয়ে আগ্রহ দেখালেও সরাসরি কোনো সিদ্ধান্তে যেতে চাইছে না।
সরকারের অবস্থান হলো, আনুষ্ঠানিক প্রস্তাব এলে সেটি বিস্তারিত পর্যালোচনা করা হবে। দেশের জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক ও সামগ্রিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের দরজা বন্ধ নয়। তবে আমন্ত্রণ পাওয়ার পর সব দিক যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এফএস