স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে মাত্র তিন মিনিটের বক্তব্যে ৮১ বার ‘স্যার’ বলে সম্বোধন করে আলোচনায় এসেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।
সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিভিল সার্জনের কাছে জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। জবাবে ডা. আইভি ফেরদৌস জেলার স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা, সংকট ও সমাধানের বিষয় তুলে ধরেন।
প্রায় তিন মিনিটের ওই বক্তব্যে সিভিল সার্জন ৮১ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ গড়ে প্রতি ২ দশমিক ২২ সেকেন্ডে একবার করে শব্দটি উচ্চারণ করা হয়েছে। একই সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানও প্রায় এক মিনিটের বক্তব্যে ১০ বার ‘স্যার’ বলেন।
ঘন ঘন ‘স্যার’ সম্বোধনের বিষয়টি সভায় উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা আলোচনা ও রসিকতা শুরু হয়।
সভার আলোচনায় ছিল জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালগুলোতে চিকিৎসক, জনবল ও ওষুধের ঘাটতি এবং সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা।
স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলোতে এসব ঘাটতি দূর করার পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো আচরণ ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন। মাদক ও দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন তিনি।
এফএস