বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৯টার দিকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান তারেক রহমান। সেখানে তিনি ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে মুনাজাতে অংশ নেন তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, দলের জ্যেষ্ঠ নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
এর আগে সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের কর্মসূচি শুরু হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রেখে আসছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দীর্ঘ সময় বিরোধী দল হিসেবেও রাজনীতি করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এবার পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার প্রকাশ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ।
আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন বলে জানিয়েছে বিএনপি।
এ ছাড়া সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করবে দলটি। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দীন চৌধুরী এ্যানি।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিএনপির জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিট নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা, দোয়া ও মুনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির জন্য বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করছে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি। ফলে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ভূমিকার স্মরণের পাশাপাশি সরকারের সামনে থাকা রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জও প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা ও আদর্শ তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরছেন।
-টিএস