সেপ্টেম্বর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগস্টে কার্যকর থাকা জ্বালানি তেলের খুচরা মূল্যই সেপ্টেম্বর মাসজুড়ে বহাল থাকবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা দরে বিক্রি হবে।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্য সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সরকারের নির্ধারিত এ মূল্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে এবং পুরো সেপ্টেম্বর মাসজুড়ে বহাল থাকবে।
আরএন