নওগাঁ সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামের এক শীর্ষ মাদক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ভোররাতে উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রুবেল ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ভোর ৪টার দিকে ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে রুবেলের বাড়ি ঘেরাও করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আসামির শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্সের ভেতর থেকে ১১টি পৃথক প্যাকেটে মোড়ানো ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা। এর মধ্যে ১০টি প্যাকেটে ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি প্যাকেটে আড়াই কেজি গাঁজা সুকৌশলে লুকিয়ে রাখা ছিল।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রুবেল দীর্ঘদিন ধরে এক সহযোগীর যোগসাজশে এলাকায় গাঁজার প্রধান ডিলার হিসেবে মাদক কারবার চালিয়ে আসছিলেন। টানা দুই মাসের গোয়েন্দা নজরদারি ও প্রচেষ্টার পর তাকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছে। রুবেলের সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
কেএইচ/আরএন