পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জড়িতদের বিচার এবং ঘটনা আপোষের মাধ্যমে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে ঝাড়ু ও জুতা হাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ সানোয়ার হোসেন ও আপোষের ঘটনায় জড়িত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং তাদের বিচারের দাবি জানানো হয়। পরে প্রায় দুই ঘণ্টার মতো তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পঞ্চগড়-তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে উপজেলার তাইয়াগছ এলাকায় প্রতিবেশী এক ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সানোয়ার হোসেন নামে এক বৃদ্ধ জড়িত বলে অভিযোগ করেন তারা। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও থানায় মামলা না করে একটি মহল ভুক্তভোগী পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে আপোষ করিয়েছে।
এ ঘটনায় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, টাকা দিয়ে তিনি ভুক্তভোগী শিশুর বাবাকে মিডিয়া ও পুলিশ প্রশাসনের কাছে ফোন করে ঘটনা জানাতে নিষেধ করেছেন। এর আগেও এই বিএনপি নেত্রীর বিরুদ্ধে বাজারে যুবককে মারধর করা, সুবিধা না পেলে বিভিন্ন কৌশলে ফাঁসিয়ে দেওয়া এবং মেয়েঘটিত নানা ঘটনা ধামাচাপা ও আপোষ করার অভিযোগ রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরে পোস্ট দেওয়া হয়।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাদের হুমকি-ধমকি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ঝাড়ু ও জুতা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন এবং অভিযুক্তদের বিচার ও কথিত আপোষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে তারা তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ভুক্তভোগী শিশুর দাদা বলেন, সুলতানা রাজিয়া দায়িত্ব নিয়েছেন। তিনি বলছেন, আমি দূরে আছি, বাসায় আসব। মামলা হবে নাকি আপোষ করবে, এটা উনি দেখবেন।
স্থানীয় মানিক তালুকদার বলেন, এত বড় ঘটনা কিন্তু গোপনে আপোষ করা হয়েছে। এতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জড়িত।
তবে আপোষের ঘটনায় জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া বলেন, তিনি আপোষের ঘটনায় জড়িত নন। তিনি বেশ কিছুদিন ধরে ঢাকায় রয়েছেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএ