নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের ১৮ঘন্টা পর নদী থেকে সাদিয়া আক্তার নামের দেড় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার জারিয়া পূর্বপাড়া এলাকায় কংস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে দাদির সাথে নদীর পাড়ে গিয়ে নদীতে পড়ে ডুবে যায় শিশুটি। এরপর শিশুটির স্বজন, স্থানীয় লোকজন সহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও খোঁজে পায়নি।
সাদিয়া আক্তার উপজেলার ঘাগড়া ইউনিয়নের গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১.৩০-২টার দিকে সাদিয়া আক্তারের দাদি বাড়ির পাশে কংস নদীতে কাপড় ধুতে যায়। দাদির পিছু পিছু নদীর তীরে গিয়ে দাঁড়ায় শিশুটি। কাপড় ধোঁয়ার মাঝখানে শিশুটি নদীতে পড়ে পানির স্রোতে ভেসে যায়। দাদি চেষ্টা করেও নাতনীকে ওঠাতে না পেরে ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসে ডুবুরি চেষ্টা করেও শিশুটির খোঁজ না পেয়ে সন্ধ্যা ৭টায় অভিযান সমাপ্ত করেন। এরপর শিশুটির স্বজনরা রাতেও নদীর পাড় এলাকায় খোঁজাখুঁজি করেন। সকালে শিশুটির মরদেহ নিখোঁজের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া এলাকা ভাসমান অবস্থায় পায়। পরে স্বজনরা শিশুটির লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার দুপুরে শিশুটি নদীতে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস সহ সকলেই উদ্ধার অভিযান চালিয়েও সন্ধ্যার মধ্যেও খুঁজে পাইনি। শনিবার সকালে জারিয়া পূর্বপাড়া এলাকায় খুঁজে পায়।
তিনি আরও বলেন, কারো অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরা দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানা একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।