কলকাতা হাইকোর্টের আদেশ অমান্য করে সমাবেশ পরিচালনা করার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) আয়োজকদের বিরুদ্ধে মামলা করেছে কলকাতার হেস্টিংস থানা। টিএমসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ নিজ থেকেই (সুও মোটো) এই মামলা দায়ের করে।
শুক্রবার বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, রাস্তার এক পাশ ফাঁকা রেখে যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা ছিল।
পুলিশের করা অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পরও সভা চালিয়ে যাওয়া হয় এবং সড়কের দুই পাশ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া, সেখানে উপস্থিত সমর্থকেরা পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে ফেলে এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।
উল্লেখ্য, একই দিনে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিএমসিপির পৃথক গোষ্ঠী এবং মহাজাতি সদনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্রসংগঠন 'ছাত্র পরিষদ' আলাদাভাবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
-টিএস