নীলফামারীর সৈয়দপুরে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের প্রায় ৫ জন আহত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে শহরের মিস্ত্রিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে মিস্ত্রিপাড়া শাখাওয়াত তালাও (পুকুর) এলাকার কিশোর গ্যাংয়ের সঙ্গে মিস্ত্রিপাড়া নবীনগর এলাকার কিশোর গ্যাংয়ের গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ছিল। বিরোধ সমাধানের জন্য আজকে সন্ধ্যায় সালিশি বৈঠক হওয়ার কথা ছিল। তবে আজকে দুপুরের দিকে নবীনগর এলাকার রাজা ইসলাম মিস্ত্রিপাড়া মোড়ে যায়। এসময়ে শাখাওয়াত তালাও এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে বিষয়টি জেনে নবীনগর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মিস্ত্রিপাড়া মোড়ে আসেন। এসময়ে শাখাওয়াত তালাও এলাকার ও নবীনগর এলাকার দুই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই গ্রুপের প্রায় ৫ জন আহত হয়েছে।
এবিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা এড়াতে মিস্ত্রিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করার কাজ চলছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
টিআইএস