চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টুর্নামেন্টের কাঠামো নতুন করে সাজানোর যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে আরও গোছানো ও কার্যকর বিপিএল আয়োজনের জন্য বোর্ডকে প্রয়োজনীয় সময় দিতে রাজি ৩ ফ্র্যাঞ্চাইজি।
শনিবার (২৯ আগস্ট) বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেছেন তিন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মালিকপক্ষ। বিসিবির সিদ্ধান্তে সহমত পোষণ করেছে এই তিন ফ্র্যাঞ্চাইজি।
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলেন, 'বিসিবি বলেছে বিপিএলের নতুন মডেল তৈরি করে কমপক্ষে চার পাঁচ মাস আমাদের সময় দেওয়া হবে। যাতে করে আমরা উনাদের ক্রাইটেরিয়া ফুল ফিল করতে পারি। দুই বছরে যেভাবে বিপিএল হয়েছে এবারও সেভাবে হলে আমরা থাকব না। কারণ, গালি আমরা বেশি খাই।’
তিনি জানান, নতুন কাঠামোতে বিপিএল আয়োজন করা হলে ঢাকা ক্যাপিটালস আবারও টুর্নামেন্টে থাকতে আগ্রহী। এ ক্ষেত্রে বিসিবি সভাপতির পরিকল্পনাকে সমর্থন করে প্রয়োজনীয় সময় দিতেও প্রস্তুত তারা।
রংপুর রাইডার্সের সিইও ইসতিয়াক সাদেক পারিশ্রমিক পরিশোধ না করতে পারার বিষয়টি উল্লেখ করে বলেন,'বাজারের পরিস্থিতি দিনকে দিন এত খারাপ হচ্ছে যে এটা আরও বেশি খারাপই হবে। সুতরাং শুধু নামমাত্র বিপিএল করে প্রতিশ্রুতি দিলাম ৩০ লাখ টাকা দেবো কিন্তু খেলোয়াড়কে আমি শেষ পর্যন্ত ১৫ লাখ টাকা দিচ্ছি না, ফোন ধরছি না, হারিয়ে যাচ্ছি- এর চেয়ে বরং একটু সময় নিয়ে ভালো কোনো একটা মডেলে করাটাই ভালো।'
তিনি আরও বলেন, 'জানুয়ারি মাস পার হয়ে আজ প্রায় সাত মাস আট মাস চলছে, আমাদের এখনো কিছু স্থানীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়ের পারিশ্রমিক দেওয়া বাকি। কারণ আমাদের সঙ্গে যেসব পৃষ্ঠপোষক চুক্তি করেছিল তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকগুলো পরিশোধ করে না।'
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের সিইও মোকছেদুল কামাল বাবু বলেন, 'অবশ্যই আমরা মাঠে বিপিএল চাই। লিগের ধারাবাহিকতা থাকা দরকার। তবে যে সমস্যাগুলো ছিল, সেগুলোর সমাধান করাও দরকার। একটা ভালো মডেল তৈরি করা দরকার। যাতে করে, বিসিবি-ফ্ল্যাঞ্জাইজি-খেলোয়াড় সবার যেন লাভ হয়।'
এফএস