বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
শনিবার সকালে শহরের হ্যাপি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বনরূপায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদ, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৯ সাল থেকে প্রশাসনিক জটিলতার কারণে বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ নেওয়ার সুযোগ বন্ধ রয়েছে। এতে তিন পার্বত্য জেলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থসংকটে পড়েছেন। ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা।
বক্তারা বাজার ফান্ডের জমির লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, সার্কেল চিফের সনদ বাতিল, ভূমি অফিসে সরাসরি খাজনা প্রদানের ব্যবস্থা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান।
সমাবেশ থেকে নেতারা দ্রুত বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তিন পার্বত্য জেলায় পিসিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
এসআই/আরএন