জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইশরাত জাহান রিমা নামে এক অনার্সপড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুরী আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইশরাত জাহান রিমা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকার মো. রশিদুল্লাহ মন্ডলের মেয়ে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে রিমার কক্ষের দরজা বন্ধ ছিল। একপর্যায়ে কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিমার আগে একটি বিয়ে হয়েছিল। ওই সংসারে তার একটি ছেলে সন্তান রয়েছে। পরবর্তীতে পারিবারিক কারণে তাদের বিচ্ছেদ ঘটে। সন্তানটি বর্তমানে তার প্রথম স্বামীর কাছে রয়েছে।
স্বজনদের দাবি, ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভর সঙ্গে গোপনে বিয়ে করেন রিমা। বিষয়টি জানাজানি হওয়ার পর শুভর পরিবারের সদস্যরা ওই বিয়ে মেনে নেননি বলে অভিযোগ রয়েছে।
পরে শুভকে অন্যত্র বিয়ে দেওয়া হলেও রিমার সঙ্গে তার যোগাযোগ ও একসঙ্গে বসবাস অব্যাহত ছিল বলে পরিবারের সদস্যরা জানান।
পরিবারের সদস্যরা আরও জানান, একপর্যায়ে শুভকে কম্বোডিয়ায় পাঠানো হয়। তবে ভিসা-সংক্রান্ত জটিলতায় তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পরও রিমার সঙ্গে তার সম্পর্ক বজায় ছিল। গত সপ্তাহেও তারা একসঙ্গে ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
কয়েক দিন ধরে রিমার সঙ্গে তারা যোগাযোগ করতে পারছিলেন না। পরে শুক্রবার রাতে তার মৃত্যুর খবর পান স্বজনেরা।
স্বজনদের অভিযোগ, সম্পর্ক বিচ্ছিন্ন করতে শুভর পরিবারের পক্ষ থেকে রিমার ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রিমা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
এদিকে বাড়ির মালিক মোবারক হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘চার মাস আগে রিমা বাসা ভাড়া নিয়েছিল। সে আশেক মাহমুদ কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করত। তার স্বামীর নাম শুভ।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ্ বলেন, ‘শুক্রবার রাতে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে শহরের দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুরী আবাসিক এলাকায় যাই। সেখানে একটি বাসার কক্ষ তালাবদ্ধ অবস্থায় ছিল এবং ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে জামালপুর ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় ওই কক্ষের তালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান রিমার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এলএইচ/আরএন