রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতার পাহাড়ে বেড়াতে গিয়ে পাহাড়ে আটকা পড়া চার পর্যটককে উদ্ধার করেছে কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়ে আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার অভিযানের পর সন্ধ্যা ৭টার দিকে চার পর্যটককে নিরাপদে পাহাড় থেকে নিচে নামিয়ে আনা হয়।
কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে চার বন্ধু শুক্রবার বিকেল ৩টার দিকে কাপ্তাইয়ে বেড়াতে আসেন। পরে তারা সীতার পাহাড়ে ওঠেন। এর মধ্যে পাহাড়ে অতিবৃষ্টির কারণে কাদামাটি সৃষ্টি হলে পাহাড় থেকে নামতে গিয়ে তারা আটকা পড়েন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলেও নিরাপদে নামার পথ খুঁজে না পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে বিষয়টি কাপ্তাই ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু করা হয়।
উদ্ধার হওয়া পর্যটকরা হলেন— মো. রবিউল আলম (২২), সাইফুদ্দিন এমদাদ (২৫), মো. মামুন (২০), এবং মোস্তফা হাসেম সোহাগ (২৪)।
উদ্ধারের সময় পাহাড় থেকে নামতে গিয়ে মোস্তফা হাসেম সোহাগ কিছুটা আহত হন বলে জানা গেছে।
উদ্ধার হওয়া পর্যটকরা বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার না করলে তারা বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারতেন।
কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রেজাউল করিম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় হাজার ফুট উঁচু পাহাড় থেকে চার পর্যটককে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসি।”
উদ্ধার অভিযানের সময় কাপ্তাই বন বিভাগের বিট কর্মকর্তা মিঠু তালুকদারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
কেএইচ/আরএন