নাটোরের সিংড়ায় চলনবিলে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৬৯টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইনসহ চলনবিলের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেনসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, জীববৈচিত্র্যে সমৃদ্ধ চলনবিলে পানি কমতে শুরু করায় এক শ্রেণির অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী নিধন করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৬৯টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জালগুলো ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের পাশাপাশি বিলপাড়ের মানুষের মধ্যে নিষিদ্ধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসআই/আরএন