সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার জামিরতা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কয়েকজন দখলদার। বারবার নোটিশ দেওয়ার পরও তারা দোকানঘর সরিয়ে নেননি।
পরে বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের দিকনির্দেশনায় জামিরতা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এলাকার তীব্র যানজট নিরসন এবং জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা সরকারি জায়গা অবৈধভাবে দখল করেছেন, তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যারা এখনো অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের অবিলম্বে তা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। যতদিন পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ না হবে, ততদিন এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় স্থানীয় এলাকাবাসী আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন। তবে এ অভিযান যেন থেমে না যায় এবং সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ চিরতরে বন্ধ হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
এসবি/আরএন