ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:১২ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দুই কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জৈনপুর গ্রামের নারী-পুরুষেরা। পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ও উপপরিদর্শক (এসআই) হারুন মিয়ার বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি কোম্পানির পক্ষে তদন্ত ছাড়াই মামলা গ্রহণের অভিযোগ তুলে তাঁদের প্রত্যাহারের দাবি জানান গ্রামবাসী। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে এসে কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বাস দিলে কর্মসূচি শেষ করেন জৈনপুর গ্রামের বাসিন্দারা।

বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামবাসীর উদ্যোগে সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জৈনপুর গ্রামের জহিরুল ইসলাম জহির, নাসিমা আক্তার, মাহমুদা আক্তার, শিল্পী আক্তার, তানভীর হোসেন, ফুল মিয়াসহ অনেকে।

স্থানীয়রা জানান, জৈনপুর গ্রামের ‘আর অ্যান্ড এইচ-জৈনপুর রোড ভায়া পিরোজপুর ইউপি অফিস’ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত। তবে দীর্ঘদিন ধরে একটি কোম্পানির ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

এদিকে গত ২০ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কোম্পানিতে যাওয়ার সময় এলাকাবাসী তাতে বাধা দেন। এ সময় কোম্পানির ঠিকাদার আবু সাঈদের নেতৃত্বে আবুল কালাম সোপান, নাঈম, লিটনসহ ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় কোম্পানি ও গ্রামবাসীর পক্ষ থেকে পৃথক অভিযোগ দেওয়া হয়। কোম্পানির অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হলেও গ্রামবাসীর অভিযোগ আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মানববন্ধনে মাহমুদা বেগম অভিযোগ করেন, ভারী যানবাহন চলাচলে বাধা দিলে কোম্পানির লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে নারীসহ সাতজন আহত হন। পরে কোম্পানির পক্ষ থেকে উল্টো আহত ব্যক্তিসহ সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরদের আসামি করা হয়েছে। পুলিশ কোম্পানির দায়ের করা অভিযোগের তিন ঘণ্টার মধ্যে কোনো প্রকার তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে তানভীর হোসেন বলেন, গ্রামবাসীর পক্ষ থেকে দেওয়া অভিযোগের এখনো মামলা গ্রহণ করেনি পুলিশ। বরং তদন্তের নামে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ও এসআই হারুন মিয়া কোম্পানির পক্ষে অবস্থান নিয়ে মামলা গ্রহণ করে হয়রানি করছেন। তিনি তাঁদের প্রত্যাহারের দাবি জানান।

সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বলেন, ছোট রাস্তায় ট্রাক চলাচলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। প্রাথমিক তদন্তে ট্রাক আটকে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সার্কেল ও ওসি স্যার মামলা নিয়েছেন। তবে মামলায় কোনো সাংবাদিকের নাম ছিল কি না, তা তাঁর জানা নেই।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে প্রমাণ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে সুবিধা গ্রহণের বিষয়টি সত্য নয়। গ্রামবাসীর পক্ষ থেকে কেউ অভিযোগ দেননি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার সময় তিনি এ থানার দায়িত্বে ছিলেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করে গ্রামবাসীদের কর্মসূচি শেষ করতে বলা হয়।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement