সরকারের গত ছয় মাসের অপরাধ পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ- এমন প্রশ্নকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র হট্টগোল হয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ- এটা শাহবাগ ও পল্টনে বলা যায়। সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।’
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।
অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ গত ছয় মাসের অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, তিনি সফল নাকি ব্যর্থ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নটিকে ‘পল্টনের বক্তব্য’ হিসেবে উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি- এমন নির্দিষ্ট উদাহরণ বিরোধী সংসদ সদস্যদের দিতে বলেন তিনি।
তিনি বলেন, ‘স্পেসিফিক করে বলতে হবে, কোন অপরাধে শাস্তি হয়নি।’
তবে বক্তব্যের একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘শাহবাগ ও পল্টন’ প্রসঙ্গ সংসদে উত্তেজনা তৈরি করে। বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে উঠে প্রতিবাদ ও চিৎকার করতে থাকেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাই।’
পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রায়ই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন এবং নিজেকে সংসদের শিক্ষক হিসেবে উপস্থাপন করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তাঁর ছাত্র হতে সংসদে আসিনি। তিনি শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। সেখানে যার ইচ্ছা ভর্তি হবে, শিখবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদের সৌন্দর্য ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি বলেন, সংসদের মর্যাদা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।
-টিএস