সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে এসেছে। এই ৯ জনের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়, বাকি দুজন রাজশাহী ও নাটোরের।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটযোগে নয়জনের মরদেহ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
মরদেহ গ্রহণের জন্য নিহতদের পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পরে তারা মরদেহ নিজ নিজ এলাকায় নিয়ে যাবেন।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়। ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
আত্রাই উপজেলার মারা যাওয়া সাতজন হলেন- উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গ-গোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।
দুর্ঘটনায় নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহ দেশে এসেছে।
নিহতদের মরদেহ দেশে ফেরায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।
এফএস