পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও হবিগঞ্জে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য জশনে জুলুস (র্যালি) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
জশনে জুলুসে হবিগঞ্জের বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। বর্ণাঢ্য র্যালিটি হবিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালিজুড়ে রাসুলুল্লাহ (সা.)-এর শানে দরুদ, সালাতু সালাম ও ‘ইয়া নবী সালামু আলাইকা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন রঙের পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
এ ছাড়া শহরের বিভিন্ন মোড়ে নির্মাণ করা হয় ধর্মীয় তোরণ ও আলোকসজ্জা। জশনে জুলুসকে কেন্দ্র করে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কর্মসূচিতে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিলসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।