নীলফামারীর ডিমলায় জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনের (পেট্রোল পাম্প) মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে একটি মুড়ির মিলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিমলা উপজেলা সদরের দুটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে সহযোগিতা করে ডিমলা থানা পুলিশ।
জানা যায়, মেসার্স আফতাব ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ফিলিং স্টেশনটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, আদিল অটো মুড়ির মিলে অভিযান চালিয়ে ভুয়া বিএসটিআই সনদ পাওয়া যায়। বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে মিলটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির।