ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লালমনিরহাট সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ সেবার মান উন্নয়নের নির্দেশ ত্রাণমন্ত্রীর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম
X
Advertisement

লালমনিরহাট সদর হাসপাতালের বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশ দেন।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান, জনবল সংকট, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী হাসপাতালের বিদ্যমান সম্পদ ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘আগের মতো হাসপাতাল পরিচালনা করা যাবে না। হাসপাতালে যতটুকু সম্পদ ও সুযোগ-সুবিধা রয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধু সমস্যা ও ঘাটতির কথা না বলে, বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে।’

লালমনিরহাট সীমান্তবর্তী ও তুলনামূলক পিছিয়ে থাকা জেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রয়োজনীয় জনবলসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। এসব সংকট সমাধানে সরকার কাজ করছে। নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি।

হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি বন্ধের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আউটসোর্সিং কর্মচারীরা যাতে রোগীদের কাছ থেকে কোনো ধরনের টাকা নিতে না পারেন, সে বিষয়ে কর্তৃপক্ষকে কঠোর নজরদারি করতে হবে। রোগীরা যাতে কোনো হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের শিকার না হন, সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় হাসপাতালের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ, স্থায়ী ফুলের গাছ লাগানো এবং হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা সহজে জানানোর জন্য সাউন্ড সিস্টেম চালুর কথাও বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা। তাই সীমিত সম্পদের মধ্যেই পরিকল্পিতভাবে সেবা কার্যক্রম পরিচালনা করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।

সভায় জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement