পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সদ্য নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইনে যে বিধান রয়েছে, সেটিই প্রযোজ্য। বর্তমান সরকার সংবিধান মেনেই হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।
তিনি বলেন, “এই সরকার যেটা করেছে, সংবিধান মেনেই করেছে। এখানে ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবেই করেছি।”
এর আগে সোমবার (২৪ আগস্ট) প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। সেখানেও তার ব্রিটিশ নাগরিকত্বের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি স্পষ্ট করেননি।
গত শুক্রবার (২১ আগস্ট) হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। শপথের পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।