রাজশাহীর পদ্মা নদীর চর থেকে একটি সিঙ্গেল শুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্রের চালান নিয়ে আসবে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী সব বিওপি থেকে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে অ্যামবুশ বসানো হয়।
দীর্ঘ সময় অপেক্ষার পর রাত ৩টার দিকে সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ পদ্মা নদীর চর এলাকায় বিজিবির আভিযানিক দল দুই চোরাকারবারীকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। এ সময় তাদের ধরতে ধাওয়া করলে চোরাকারবারীরা কাপড়ে মোড়ানো একটি শপিং ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে বিজিবির আভিযানিক দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে একটি সিঙ্গেল শুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।
-টিএস/এফএস