ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোহাম্মদ আব্দুল মুহিত, লন্ডনের দ্বায়িত্বে কে তিনি?
✎ স্টাফ রিপোর্টার
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৩২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রসচিব মোহাম্মদ আব্দুল মুহিতকে যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।দুই বছরের চুক্তিতে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল মুহিতের ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত থাকবে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

তিন দশকের কূটনৈতিক অভিজ্ঞতা

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুহিতের রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ার। নিউইয়র্ক, ভিয়েনা, ওয়াশিংটন ডিসি, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি।

পেশাদার কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েতে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেন আব্দুল মুহিত।

রাষ্ট্রদূত হিসেবে তার প্রথম নিয়োগ ছিল ডেনমার্কে। পরে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২২ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বহুপাক্ষিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদ আব্দুল মুহিত। এ সময় তিনি জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতির পাশাপাশি ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা, ভূরাজনৈতিক বিভাজন, দীর্ঘস্থায়ী সংঘাত ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

লন্ডন মিশনে কেন আব্দুল মুহিত

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪ সালের ডিসেম্বরে অবসরে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল মুহিত।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের প্রচারণাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বল্প সময়ের ওই প্রচারণায় সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেন তিনি।

সরকার মনে করছে, যুক্তরাজ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনগুলোর একটি লন্ডন হাইকমিশন। সেখানে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ আরও জোরদারে আব্দুল মুহিতের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা কাজে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী

মোহাম্মদ আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অবসরের পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এবং এবার লন্ডনের মতো গুরুত্বপূর্ণ মিশনের নেতৃত্বে নিয়োগ পাওয়াকে তার দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার ওপর সরকারের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝