বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার ৩১ আগস্ট নির্ধারণ করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
এই মামলায় আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় গত ১১ আগস্ট।
২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় আছিয়া। সেখানে তাকে ধর্ষণ ও নির্যাতন করে বোনের শ্বশুর হিটু শেখ।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় পাঠানো হয়। পরে সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ মার্চ মারা যায় আছিয়া।
এই মামলায় তিন আসামিকে খালাস দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
এসএফ