কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে চারটি ওষুধের দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে ফুলবাড়ী উপজেলা সদরের হাসপাতাল-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রমিলা ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা, রিয়া ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা, হাসপাতাল-সংলগ্ন এলাকার আলিফ ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং অর্পণ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওষুধের দোকানগুলোর বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্স না থাকায় প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ওষুধ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই আইন ও বিধিমালা মেনে চলতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসি/আরএন