সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যেকোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, বিগত সরকারের সময় কথা বলার অপরাধে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকার তা থেকে বেরিয়ে এসেছে। গত ছয় মাসের পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, এ সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।
মিরাজ শেখ গুমের অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোস্টগার্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। গুমের অভিযোগ তদন্তে রাষ্ট্র ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে বলেও জানান তিনি।
গুম প্রতিকার ও প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন নিয়ে সমালোচনার জবাবে আইনমন্ত্রী বলেন, আগের খসড়াগুলোতে বেশ কিছু অস্পষ্টতা ছিল। সেগুলো যাচাই-বাছাই করে আইনগুলো নতুনভাবে সংসদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকার আইনগুলো বাতিল বা আটকে দিচ্ছে- এমন প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারি বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে মানবাধিকার কমিশনের তদন্তের সুযোগ থাকবে বলেও জানান মো. আসাদুজ্জামান। তবে আইনের প্রয়োগে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ভুক্তভোগী না হন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিরোধী দল থেকে কোনো প্রস্তাব এলে তা যুক্তিসঙ্গত হলে গ্রহণের চেষ্টা করবে সরকার।
বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বিচার বিভাগের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই দাবি করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের কথাও জানান আইনমন্ত্রী।
অতীতের খুন, গুম ও রাজনৈতিক মামলা-মোকদ্দমার সংস্কৃতি থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মো. আসাদুজ্জামান।
-টিএস