পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পক্ষকালব্যাপী এ আয়োজনে প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ ও নসিহত করবেন।
অনুষ্ঠানমালায় ওয়াজ-মাহফিল, কিরাত মাহফিল ও হামদ-নাতসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন থাকছে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করা হবে। এসব সেমিনার বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
তরুণ প্রজন্মকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের সঙ্গে পরিচিত করে তুলতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। পাশাপাশি থাকবে রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল ও ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী।
এ উপলক্ষে বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের সিরাতুন্নবী (সা.)-এর এসব জ্ঞানগর্ভ অনুষ্ঠান ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
-টিএস