মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাকে হাজির করার পর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (আগস্ট ২৩) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নির্দেশনা দেন।
এর আগে ৯ আগস্ট বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।
শতাধিক ‘গুম-খুনের’ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের দেওয়া জবানবন্দিতে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের নাম আসে।
এরপর গত ২৬ জুলাই রাতে বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট) সাইফুরকে তার বাসা থেকে আটক করে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখে।
প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
টিআইএস