ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসন শূন্য
বিএনপির প্রার্থী হতে পারেন মির্জা ফখরুলের ভাই-মেয়ে, জামায়াতের দেলাওয়ার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:২০ এএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হয়েছে ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসন। উপনির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব-নিকাশ। বিএনপির প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে দলের ভেতরে যেমন আলোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা জল্পনা-কল্পনা।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে আলোচনায় এসেছে রাষ্ট্রপতির বড় মেয়ে অস্ট্রেলিয়াপ্রবাসী ড. শামারুহ মির্জার নাম। তবে এখনো কাউকেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

অন্যদিকে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেনই উপনির্বাচনেও মাঠে থাকছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আসনটি শূন্য হওয়ার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে কার্যভার গ্রহণ করেন। সংবিধানের বিধান অনুযায়ী একই সঙ্গে সংসদ সদস্য পদে বহাল থাকার সুযোগ না থাকায় তার আসনটি শূন্য হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে জয় পান মির্জা ফখরুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট। প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন মির্জা ফখরুল।

উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে মির্জা ফয়সল আমিন ও শামারুহ মির্জার নাম উঠে আসছে। তবে এসব আলোচনা ও গুঞ্জনকে এখনই প্রার্থিতা হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন মির্জা ফয়সল আমিন।

তিনি বলেন, প্রার্থিতা নির্বাচন করার বিষয়টি এখনো আসেনি। এই আসন মাত্র শূন্য হলো। শামারুহ (সামা) অত্যন্ত স্বনামধন্য একজন বিজ্ঞানী। তিনি দেশে থাকেন না, বিদেশে থাকেন। বাবার নির্বাচনের সময় দেশে এসে মানুষের সঙ্গে মিশেছেন এবং প্রচারণায় অংশ নিয়েছেন। ফলে মানুষ তাকে প্রার্থী হিসেবে চাইতেই পারে।

তিনি আরও বলেন, আমি সরাসরি দলের সঙ্গে সম্পৃক্ত। জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। সে হিসেবে মানুষ আমাকেও চাইতে পারে। মানুষের এই চাওয়াটাই মূল বিষয়। দলের চেয়ারম্যান ও নীতিনির্ধারকরাই সিদ্ধান্ত নেবেন, শূন্য আসনে কে নির্বাচন করবেন।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন, সে সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। দলের মধ্যে এ নিয়ে কোনো বিভাজন নেই। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে, নেতা-কর্মীরা তার পক্ষেই কাজ করবেন। এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

জেলা বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, মির্জা ফয়সল আমিন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে সক্রিয়। জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি দলকে সংগঠিত করতে কাজ করছেন এবং তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। দল তাকে প্রার্থী করলে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন।

অন্যদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থী দেলাওয়ার হোসেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। গত নির্বাচনে ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট পাওয়া দেলাওয়ারকে নিয়েই এবারও প্রস্তুতি নিচ্ছে জামায়াত।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, মাঠে আমাদের সাংগঠনিক কাজ চলছে। প্রার্থী বিকল্প হবেন না। প্রার্থী দেলাওয়ার হোসেন হবেন। আমরা মানসিকভাবে প্রস্তুত। এখন কেন্দ্র জানালে আমরা নেমে পড়ব।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ বলেন, বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিন এগিয়ে থাকতে পারেন। তার মতে, বিএনপির সাংগঠনিক শক্তি ভালো থাকলেও মির্জা ফখরুলের ব্যক্তিগত জনপ্রিয়তা ও ফয়সল আমিনের জনপ্রিয়তা এক নয়। ফলে ভোট কিছুটা কমতে পারে।

তিনি আরও বলেন, দেলাওয়ারের ভোটও কম নয়। তবে জামায়াত ক্ষমতায় না থাকায় জয়ের সম্ভাবনা বেশি মির্জা ফয়সল আমিনের। যদিও জামায়াতের সাংগঠনিক তৎপরতা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুলের জায়গায় যিনিই বিএনপির প্রার্থী হন, তাকে তার ভোটের বড় অংশ ধরে রাখার পাশাপাশি নিজের গ্রহণযোগ্যতাও প্রমাণ করতে হবে। অন্যদিকে গত নির্বাচনে পাওয়া ভোটই দেলাওয়ারের বড় শক্তি। ফলে উপনির্বাচনে বিএনপির নতুন প্রার্থী ও জামায়াতের পুরোনো প্রার্থীর লড়াইয়ে ঠাকুরগাঁও-১ আসনে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা এবং ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন। এ আসনে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং হিজড়া ভোটার ৪ জন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝