গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক কিফায়াতুল্লাহ আজহারী। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়।
বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। তাদের দাবি, এ সিদ্ধান্ত আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার পরিপন্থি।
বিবৃতিতে আরও বলা হয়, শামীম কায়সার লিংকন প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী।
হেফাজত বলেছে, ধর্ম মন্ত্রণালয় একটি সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এ পদে ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য কাউকে দায়িত্ব না দেওয়ায় ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে।
সরকারকে সতর্ক করে সংগঠনটি বলেছে, দেশের কওমি আলেম সমাজের পরামর্শ উপেক্ষা করে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও আস্থায় চরম চিড় ধরতে পারে।
এ অবস্থায় আলেমদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।