নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
কার্যালয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে।
সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তার কার্যালয়ে যাবেন।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।