বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখবে এবং জনগণের কল্যাণে আরও সাফল্য অর্জন করবে।
পাকিস্তানের রাষ্ট্রপতি বলেন, অভিন্ন ইতিহাস এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে যে ইতিবাচক গতি এসেছে, সেটিকেও স্বাগত জানান তিনি।
জারদারি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের রাষ্ট্রপতি। তিনি আশা করেন, এ সফর ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া মির্জা ফখরুলের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন আসিফ আলি জারদারি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।