সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে জুমার নামাজে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুইজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) এবং নারায়ণপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। আহত দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে যাওয়ার পথে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ উদ্দিন ও আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এসএ