শাহসুফি হযরত মাওলানা ছৈয়দ মুজিবুল হক মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছে। আগতদের শত শত গাড়ি অপরিকল্পিতভাবে পার্কিং করায় বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও সড়কে চলাচলকারী যাত্রীরা।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর থেকে নাজিরহাট ঝংকার মোড় থেকে মাইজভান্ডার-নানুপুর সড়কজুড়ে যানজট দেখা দেয়। সন্ধ্যার পর যানজট আরও তীব্র হয়ে ওঠে।
একপর্যায়ে যানজট চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ঝংকার মোড় থেকে কুম্বারপাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন যানবাহন সড়কে আটকে থাকে।
স্থানীয়রা জানান, খোশরোজ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ মাইজভান্ডারে আসেন। তাদের বহনকারী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন সড়কের পাশে ও আশপাশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে পার্কিং করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।
নাজিরহাট-মাইজভান্ডার ও মাইজভান্ডার-নানুপুর সড়কে ভোগান্তি সবচেয়ে বেশি হচ্ছে বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রতিবছর বড় ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম হলেও আগত যানবাহনের জন্য পর্যাপ্ত ও সুশৃঙ্খল পার্কিংয়ের ব্যবস্থা করা হয় না। ফলে প্রতিবছরই যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি ও গুরুত্বপূর্ণ যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
এ বিষয়ে গাউছিয়া রহমান মঞ্জিল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।