নিলামে মুখোমুখি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি। তবে দামের লড়াইয়ে পর্তুগিজ মহাতারকাকে অনেক পেছনে ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
মেসির বার্সেলোনার সময়কার একটি জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ১০৭ ডলারে (প্রায় ৮১ লাখ টাকা)। বিপরীতে একই সংগ্রহের রোনালদোর একটি রিয়াল মাদ্রিদের জার্সি বিক্রি হয়েছে মাত্র ১০ হাজার ৬০১ ডলারে (প্রায় ১৩ লাখ টাকা)। অর্থাৎ মেসির জার্সিটির দাম রোনালদোরটির প্রায় ছয় গুণ।
দুটি জার্সিই ছিল সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাসার রড থর্নলির ব্যক্তিগত সংগ্রহের অংশ। ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘদিন কাজ করার সুবাদে ফুটবলের তারকাদের কাছ থেকে পাওয়া অসংখ্য জার্সি ও স্মারক সংগ্রহ করেছিলেন তিনি।
মেসির জার্সিটি বিশেষভাবে স্মরণীয় ২০১২ সালের একটি ম্যাচের কারণে। ওই বছরের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বার্সেলোনার ০-০ গোলে শেষ হওয়া প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জার্সিটি পরেছিলেন মেসি। ম্যাচ শেষে জার্সিটিতে স্বাক্ষর করে সেটি থর্নলিকে উপহার দেন আর্জেন্টাইন তারকা।
মেসির জার্সিটি পাওয়ার গল্পটিও বেশ চমকপ্রদ। ম্যাচের কয়েক দিন আগে থর্নলি বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকেকে বার্তা পাঠিয়ে মেসির জার্সি চেয়েছিলেন।
থর্নলি বলেন, ‘খেলা শুরুর কয়েক দিন আগে আমি জেরার্ড পিকেকে বার্তা দিয়ে বলেছিলাম, ‘‘আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, কিন্তু এবার মেসির জার্সিটা আমার দরকার।’”
ম্যাচ শেষ হওয়ার পর পিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুমে এসে থর্নলিকে সরাসরি বার্সেলোনার ড্রেসিংরুমে নিয়ে যান। সেখানে তখনও মেসির গায়ে ছিল সেই জার্সি।
থর্নলির ভাষায়, ‘খেলা শেষে জেরার্ড আমাদের ড্রেসিংরুমে এসে আমাকে ধরে সরাসরি তাদের ড্রেসিংরুমে নিয়ে গেল। মেসির পিঠে তখনও জার্সিটা ছিল।’
এরপর মেসি নিজেই জার্সিটি খুলে থর্নলিকে দেন, তাতে স্বাক্ষর করেন এবং তার সঙ্গে হাত মেলান। সেই মুহূর্তকে অবিশ্বাস্য অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন থর্নলি।
অন্যদিকে, রোনালদোর জার্সিটি ছিল ২০১৪-১৫ মৌসুমের রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ-ইস্যুড জার্সি। তবে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো-জার্সিটি একটি ম্যাচের জন্য প্রস্তুত করা হলেও রোনালদো সেটি মাঠে পরেননি। জার্সিটিতে অবশ্য থর্নলির উদ্দেশে ব্যক্তিগত একটি বার্তা ছিল।
রোনালদোর সঙ্গে থর্নলির পরিচয়ও ম্যানচেস্টার ইউনাইটেডে তার সময়ের। ফলে জার্সিটিতে রোনালদোর ব্যক্তিগত বার্তাও সেটিকে সংগ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছিল।
নিলামে দুই মহাতারকার জার্সির মূল্যের ব্যবধান ছিল বিস্ময়কর। ফুটবলবিশ্বে মেসি-রোনালদোর দ্বৈরথ বহু বছর ধরে মাঠে আলোচনার কেন্দ্রে। এবার সেই প্রতিদ্বন্দ্বিতার ছাপ দেখা গেল নিলামের মঞ্চেও।
এসএফ