ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন তামিম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:০২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শঙ্কাটা বেশ কয়েকদিন আগেই তৈরি হয়েছিল। ভারতের বাংলাদেশ সফর বাতিল হতে পারে বলে গুঞ্জন ওঠে। এবার বিসিবি সভাপতি তামিম ইকবাল জানালেন, উভয় বোর্ড আলোচনার মাঝে থাকলেও, সময়সূচি পরিবর্তন হতে পারে। এর মধ্য দিয়ে মূলত সেপ্টেম্বরে নির্ধারিত বাংলাদেশ-ভারত সিরিজ কার্যত স্থগিত হওয়ার পথে!

গত বছর ভারতীয় দলের এই সফর চলমান আগস্ট মাসে করার পরিকল্পনা করা হয়েছিল, পরে সেটি পিছিয়ে সেপ্টেম্বর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচি ঠিক করা হয়। বিসিবি সেটি ঘোষণা করলেও কোনো বার্তা ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে।

ওয়ানডে সিরিজের জন্য নির্ধারিত সময়ের আর সপ্তাহ দুয়েক বাকি থাকাবস্থায় সিরিজটি আবার পেছাতে পারে বলে গুঞ্জন ওঠে। যা নিয়ে গতকাল (বৃহস্পতিবার) কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম। যেখানে তিনি বয়সভিত্তিক তিনটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে ব্রিফ করেন। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ৫০ ওভারের ওই টুর্নামেন্ট হবে ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর।

এরপর ভারত বাংলাদেশে খেলতে আসবে কি না– এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক জানান, ‘দুই বোর্ড (বিসিবি-বিসিসিআই) ভারত সিরিজ নিয়ে আলোচনা করছে। সময়টা পরিবর্তন হতে পারে। (বয়সভিত্তিক) টুর্নামেন্ট মিরপুরে হবে, তবে এটি দুই মিনিটেই বসুন্ধরা মাঠেও সরিয়ে নেওয়া যাবে। ভারত সিরিজটি যদি চূড়ান্ত ও নিশ্চিত হয়ে যায়, তবে আমরা সেই অনুযায়ী সময়সূচি নির্ধারণ করব।’

এর আগে জানুয়ারি মাসে বিসিবি কর্তৃক ভারতীয় দলের সফরসূচি ঘোষণার পর কলকাতা নাইট রাইডার্স সর্বশেষ আইপিএল আসর থেকে মুস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করে নিলে দুই বোর্ডের মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। এর জেরে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি ভারত থেকে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ সরিয়ে না নিলে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত আর টুর্নামেন্টটি খেলা হয়নি বাংলাদেশের।

তবে চলতি মাসের শুরুর দিকে বিসিবির নতুন সভাপতি তামিম ভারত সফরে গিয়ে বেঙ্গালুরুতে বিসিসিআই-এর ‘সেন্টার অফ এক্সিলেন্স’ পরিদর্শন করায় সেই সম্পর্কের বরফ গলতে শুরু করে। সম্প্রতি ভারতের মাটিতে বসে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে আবারও সম্পর্কে অবনতি হয়েছে ভারত-বাংলাদেশের। যার নেতিবাচক প্রভাব পড়ছে ক্রিকেটেও। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝