ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৪৬ পিএম আপডেট: ২০.০৮.২০২৬ ১২:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ’ গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের আগে মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ভোটের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের প্রত্যাশা আমি করি, মনে মনে স্বপ্ন দেখি। সেটি হবে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী ও দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষ দুই বেলা পেট ভরে খেতে পারবেন, সুস্থ পরিবেশে বসবাস করতে পারবেন এবং নিরাপদে-নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন।”

তিনি বলেন, “আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। জনসংখ্যার অর্ধেক নারী সমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাসম্পন্ন দেশ হিসেবে নিজেদের পরিচিত করতে চাই।”

মির্জা ফখরুল বলেন, “আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করি—তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে।”

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “প্রথমে আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করতে চাই। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশবাসীর প্রতি, যাদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি পাশে ছিলাম, সুখে-দুঃখে তাদের সঙ্গে ছিলাম। গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতিও আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি মনে করি, তার নেতৃত্বেই আমরা ‘প্রত্যাশিত বাংলাদেশ’-এর গন্তব্যে পৌঁছাতে পারব।”

রাষ্ট্রপতি হলে কী কী বিষয় সবচেয়ে বেশি মনে পড়বে—এমন প্রশ্নের জবাবে কিছুটা আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, “অনেক কিছু মিস করব। যা স্মরণ করলে আমি আবেগকে ধরে রাখতে পারিনি।”

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, “সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সকলে সরকারকে সহযোগিতা করুন।”

মির্জা ফখরুল বলেন, “আজকের দিনে সবচেয়ে বেশি মনে পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহীয়সী নারী নেত্রীর সান্নিধ্য ও স্নেহ পেয়েছি। আজ ক্ষণে ক্ষণে তার কথা স্মরণে আসে, আবেগকে স্পর্শ করে, শিহরণ জাগায়।”

বাম ঘরানার ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাসানী ন্যাপের রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দলের মহাসচিবের দায়িত্ব দেন।

২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারেরও মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নির্বাচন পরিচালনা করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তিনি দুপুর ২টায় সংসদে গিয়ে নিজেও ভোট দেবেন।

এদিকে গত কয়েক দিন ধরে হেয়ার রোডের ৩৫ নম্বর সরকারি বাসভবনে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ভিড় দেখা যাচ্ছে। নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা তাকে একনজর দেখতে সেখানে ভিড় করছেন। মির্জা ফখরুলও তাদের সঙ্গে দেখা করছেন এবং নিজের জন্য সবার কাছে দোয়া চাইছেন।

বুধবার বিএনপির সংসদীয় দলের সভায় যোগ দেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে এটিই ছিল সংসদীয় দলের সঙ্গে তার শেষ সভা। রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য হয়ে যাবে।

জেবি/এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝