ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দীপক মিষ্টান্ন ভান্ডার ও হারাধন ঘোষ মিষ্টান্ন ভান্ডার নামে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জের বাগমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহিনুর রহমান এবং ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
অভিযানকালে দেখা যায়, মিষ্টি ও জিলাপি তৈরিতে হাইড্রোজ ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি ক্ষতিকারক ইন্ডাস্ট্রিয়াল কালারও ব্যবহার করা হচ্ছিল। দই ও ঘি উৎপাদন করা হলেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোনো অনুমোদন ছিল না। এছাড়া দীপক মিষ্টান্ন ভান্ডারে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল।
ভোক্তা স্বার্থবিরোধী এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দীপক মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা এবং হারাধন ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকির অংশ হিসেবে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল কালার ব্যবহার করায় দুটি মিষ্টির দোকানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো রং বা রাসায়নিক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। ব্যবসায়ীদের এসব ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অন্যথায় তাদের আইনের আওতায় আসতে হবে।